সব
দৈনিক বর্তমানদিন পত্রিকার প্রধান সম্পাদক মো. মতিউর রহমান ও সিনিয়র সাংবাদিক সালাহউদ্দিন মিঠুর ওপর হামলা, শারীরিক নির্যাতন ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা ও বিভাগীয় শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি’র প্রতিনিধি আমিনুর রাব্বি’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক, দৈনিক নতুন সময় পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চীফ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কার্যকরী সদস্য বিল্লাল হোসেন মানিক, প্রাইম টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, দৈনিক স্বাধীন দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম সাজ্জাদ প্রমূখ।
এসময় দৈনিক নতুন সময় পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চীফ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কার্যকরী সদস্য বিল্লাল হোসেন মানিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে হচ্ছে। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেন তাঁরা।
মানববন্ধনে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
মন্তব্য