কৃষকের পরিশ্রমের যথাযথ স্বীকৃতি, আর্থিক সহায়তা প্রদান এবং কৃষি খাতকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে নেত্রকোনার দুর্গাপুরে কৃষক কার্ড কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে প্রথম দিনেই ২৫৩ জন কৃষকের হাতে চেকের মাধ্যমে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়। এতে প্রথম দিনে মোট ৬ লাখ ৩২ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কাপাশাটিয়া বাজারে কৃষক কার্ডের তথ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিএনপির নির্বাচনী ইশতেহারে কৃষকদের কল্যাণে কৃষক কার্ড চালুর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই বাস্তবায়ন কার্যক্রম এখন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনী এলাকায় দৃশ্যমান হতে শুরু করেছে। নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার এ উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কৃষি উৎপাদনে উৎসাহ প্রদান এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত মানুষের জীবনমান উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিরিশিরি ইউনিয়নে এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৪৬ জন কৃষক রয়েছেন। পর্যায়ক্রমে তাঁদের সবাইকে এ সুবিধার আওতায় আনা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুল হক ফকির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এম রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর কলমাকান্দার সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতিনিধি এবং কৃষক কার্ডের সদস্য আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সহ:সভাপতি আইনুল হক বুলবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসাইন, দুর্গাপুর কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মাইনুল হাসান, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মাস্টার, গাওকান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাসান এবং উপজেলা যুবদল নেতা রুহুল আমিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় কৃষকদের হাতে চেক তুলে দেওয়ার মধ্য দিয়ে অর্থ বিতরণ কার্যক্রম এগিয়ে নেওয়া হয়। কৃষকের শ্রম ও অবদানের স্বীকৃতি দিয়ে তাঁদের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে আশা জাগিয়েছে।
‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’ এ স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ কর্মসূচি কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করার পাশাপাশি কৃষির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য