সব
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
শনিবার (১৭ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপার পূজামণ্ডপে উপস্থিত শিশুদের মাঝে উপহার বিতরণ করেন। তাঁর এ উদ্যোগে শিশুদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সদস্য এবং সাংবাদিকবৃন্দ।
মন্তব্য