সব
ময়মনসিংহের নান্দাইলে সরকারি বিধিমালা উপেক্ষা করে বিদ্যালয় চলাকালীন সহকারী শিক্ষা অফিসারের (এটিও) উপস্থিতিতে প্রধান শিক্ষকের জন্মদিন পালনের ঘটনা ঘটেছে। ঘটনার একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সুশীল সমাজ ও অভিভাবকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
১ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের ৪৩ নং নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন ছিল নান্দাইল সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আঞ্জুর জন্মদিন। তিনি বিদ্যালয়ের অফিস কক্ষেই জন্মদিনের আয়োজন করেন। এ সময় অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) কুশল আহম্মেদ রনিসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী উৎসবে মেতে ওঠেন।
অথচ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিধিমালা অনুযায়ী, বিদ্যালয় চলাকালীন সময়ে যেকোনো ধরনের ব্যক্তিগত উৎসব, অনুষ্ঠান বা জমায়েত করা সম্পূর্ণ নিষিদ্ধ। তা সত্ত্বেও কেক কাটা ও ভোজনের মাধ্যমে সেই উৎসব পালন করা হয়, ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হয়। একজন দায়িত্বশীল শিক্ষকের এমন কর্মকাণ্ডের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শিক্ষক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, “পাঠদানের বিরতির সময় অনুষ্ঠান করা হয়েছে। এটা ঠিক হয়নি । অন্যদিকে, সহকারী শিক্ষা কর্মকর্তা কুশল আহম্মেদ রনির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি।
নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মনোয়ারুল ইসলাম জানান, বিদ্যালয় চলাকালে এমন কাজ করার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য