প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ১১:০৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

‎বিদ্যালয় চলাকালে সহকারী শিক্ষা কর্মকর্তা’র উপস্থিতিতে প্রধান শিক্ষকের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক।।

‎ময়মনসিংহের নান্দাইলে সরকারি বিধিমালা উপেক্ষা করে বিদ্যালয় চলাকালীন সহকারী শিক্ষা অফিসারের (এটিও) উপস্থিতিতে প্রধান শিক্ষকের জন্মদিন পালনের ঘটনা ঘটেছে। ঘটনার একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সুশীল সমাজ ও অভিভাবকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
‎
‎১ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের ৪৩ নং নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে।
‎​স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন ছিল নান্দাইল সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আঞ্জুর জন্মদিন। তিনি বিদ্যালয়ের অফিস কক্ষেই জন্মদিনের আয়োজন করেন। এ সময় অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) কুশল আহম্মেদ রনিসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী উৎসবে মেতে ওঠেন।
‎
‎​অথচ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিধিমালা অনুযায়ী, বিদ্যালয় চলাকালীন সময়ে যেকোনো ধরনের ব্যক্তিগত উৎসব, অনুষ্ঠান বা জমায়েত করা সম্পূর্ণ নিষিদ্ধ। তা সত্ত্বেও কেক কাটা ও ভোজনের মাধ্যমে সেই উৎসব পালন করা হয়, ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হয়। একজন দায়িত্বশীল শিক্ষকের এমন কর্মকাণ্ডের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শিক্ষক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
‎
‎​এ বিষয়ে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, “পাঠদানের বিরতির সময় অনুষ্ঠান করা হয়েছে। এটা ঠিক হয়নি । ​অন্যদিকে, সহকারী শিক্ষা কর্মকর্তা কুশল আহম্মেদ রনির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি।
‎
​নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মনোয়ারুল ইসলাম জানান, বিদ্যালয় চলাকালে এমন কাজ করার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন