সব
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে (২৮) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।
দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম। তিনি জানান, গতকাল রবিবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছিল। আজ সোমবার রিমান্ড শুনানি শেষে আদালত ২৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন। আজ সোমবার দুপুর ২টা থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত হন। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা ৭ থেকে ৮জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা করেন। এ মামলায় শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।
অপূর্ব ২০২৫ সালের ৯ জানুয়ারি দুর্গাপুরে ছুটিতে বাড়িতে আসা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে।
ওই মামলায় ১৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে বেরিয়ে যায়।
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।
মন্তব্য