সব
ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের ক্যাশিয়ার মোঃ ইমরান মেহেদী হাসান ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ ফয়সাল আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন-এর সমন্বিত জেলা কার্যালয়ে আবেদন করা হয়েছে।
আবেদনকারী মোঃ জুবায়ের হোসেন অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মোঃ ইমরান মেহেদী হাসানের বিরুদ্ধে পূর্বে দুর্নীতির অভিযোগে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজু হয়।
পরবর্তীতে তদন্ত বোর্ডের প্রতিবেদনে অনিয়ম প্রমাণিত হওয়ায় তাকে অন্য জেলায় বদলি করা হয় হয়েছে।
আবেদনে আরও বলা হয়, বদলি বাতিলের প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ ওঠে এবং এ সংক্রান্ত ঘটনায় র্যাব-৩-এর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগকারী দাবি করেন, ওই সময় অবৈধ সম্পদ অর্জন ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে স্বীকারোক্তি পাওয়া যায়। আউটসোর্সিং নিয়োগ, বেসরকারি ক্লিনিকের লাইসেন্স প্রক্রিয়া এবং অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ডে বিপুল অংকের অর্থ লেনদেনের অভিযোগও উত্থাপন করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, পরবর্তীতে একাধিক মামলা দায়ের হয় এবং সেগুলো বিচারাধীন থাকা অবস্থায় জাল কাগজপত্রের মাধ্যমে নিষ্পত্তি দেখানোর অভিযোগ তোলা হয়েছে।
এছাড়া যোগদানপত্র গ্রহণ, বদলি প্রক্রিয়া ও কর্মচারীদের কাছে অর্থ দাবির অভিযোগও আবেদনপত্রে অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্তাধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য