সব
ময়মনসিংহ নগরীতে রেলওয়ের জমি দখল করে গড়ে তোলা একটি বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
নগরীর মিন্টু কলেজ সংলগ্ন এলাকায় ১৮ তলা ‘এলিট টাওয়ার’ নামের ভবনের নির্মাণকাজ চলছিল বেশ কিছুদিন ধরেই।
ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন বলেন, বুধবার বিকালে পরিমাপ করে রেলওয়ের প্রায় ১৩ ফুট জায়গা ভবনের সীমানায় পাওয়ার পর কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হচ্ছে।
রেলওয়ে ও পুলিশ সূত্রে জানা যায়, প্রভাবশালী একটি সিন্ডিকেটের জমি দখলের অভিযোগে দুপুরে দুদক অভিযান চালায়। পরে পরিমাপ করে অবৈধ দখলের প্রমাণ পাওয়ায় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয় রেলওয়ে। নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ভবনটির ডেভেলপার ও নগরীর মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের দাবি, নিয়ম মেনেই ১৮ তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছে। এতে ১০৫ জন শেয়ার হোল্ডার রয়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তারা।
সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালে গণপূর্ত বিভাগ থেকে ১৮ তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন নেওয়া হয়। তবে দীর্ঘদিন পর সম্প্রতি ভবনটির নির্মাণকাজ শুরু হয়।
মন্তব্য