সব
সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা, পেশাগত দক্ষতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে এসব পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
২০২৫ সালের পুলিশ পদকের আওতায় ০১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে দায়িত্ব পালনে সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের এসব পদক প্রদান করা হয়।
অসমসাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ এই ৪ (চার) ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পদক প্রদান করা হয়।
পুলিশ পদকের আওতায় এই চার ক্যাটাগরিতে মোট ৯৮ জন পুলিশ সদস্যকে পদক প্রদান করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন ১৩ জন (একজন মরণোত্তরসহ), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পেয়েছেন ১৮ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন ২৩ জন এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন ৪৪ জন।
পুলিশ সদস্যদের সাহসিকতা, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর পুলিশ পদক প্রদান করা হয়।
পদক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পদকপ্রাপ্ত পুলিশ সদস্যরা এবং মরণোত্তর পদকপ্রাপ্ত সদস্যের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য