সব
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীরের সভাপতিত্বে, সিপিবি‘র সহ:সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি সায়মন মিয়া সহ ছাত্র ইউনিয়ন ও যুব-ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গতকাল সোমবার রাতে পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কারা হামলা করেছে তা সবাই জানে। এর দায়ভার সরকারকেই নিতে হবে। রাজনৈতিক মতপার্থক্য কিংবা কোনো স্লোগানের প্রতি আপত্তি থাকলে তার জবাব দিতে হবে যুক্তি, আলোচনা ও গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায়। হামলা, হুমকি ও পেশিশক্তির মাধ্যমে রাজনৈতিক অধিকার দমন করার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
মুক্তিযুদ্ধকালীন সময় তথা ৫ আগষ্ট পরবর্তি বাংলাদশে বিনির্মানে সিপিবির কি ভুমিকা রেখেছে তা পর্যালোচনা করে দেখুন। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডের সঙ্গে এই স্লোগানের ঐতিহাসিক তাৎপর্যকে এক করে দেখা যায় না। একইভাবে কোনো রাজনৈতিক স্লোগানকে অজুহাত করে অন্য দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো কিংবা তাদের কার্যালয়কে ভীতিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
বক্তাগণ আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক রাজনৈতিক দল ও সংগঠনের শান্তিপূর্ণ সভা-সমাবেশ, মিছিল, মতপ্রকাশ এবং নিজস্ব কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অধিকার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়, মতাদর্শ কিংবা স্লোগানের ভিন্নতার কারণে কাউকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা হলে তা দেশে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থানের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত সৃষ্টি করে।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে রাজনৈতিক দলের কার্যালয় ও নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেইসাথে ভয়ভীতি, হামলা ও বলপ্রয়োগের রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানাচ্ছি।
মন্তব্য