সব
ময়মনসিংহ, ১৩ মার্চ ২০২৬ (শুক্রবার):ইফতারের আগমুহূর্তে ময়মনসিংহ নগরের জিমনেসিয়াম মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অভিশংসন ও অপসারণের দাবি জানান।
তিনি রাষ্ট্রপতিকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে বলেন, অবিলম্বে অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং জুলাই আন্দোলনের সময় তিনি নির্বিকার ভূমিকা পালন করেছেন।
ইফতার মাহফিলে ময়মনসিংহ বিভাগের চার জেলার এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংস্কার কার্যকর করার জন্যই আমরা সংসদে গিয়েছিলাম।
তিনি আরও বলেন, সংসদে আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে দেখতে চাই না। আমরা ফ্যাসিবাদমুক্ত ও ফ্যাসিস্টের দোসরমুক্ত জাতীয় সংসদ দেখতে চাই। তিনি অভিযোগ করেন, গতকাল সংসদে রাষ্ট্রপতির বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ চাওয়া হলেও মাননীয় স্পিকার তা দেননি; বরং রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করি।
নাহিদ ইসলাম বক্তব্যে ময়মনসিংহবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায় আগুন দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট বাহিনী এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
তিনি ময়মনসিংহ বিভাগের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা আওয়ামী লীগকে প্রতিহত করুন। আমরা আইনের শাসনে বিশ্বাসী তাদের পুলিশের হাতে তুলে দিন, যাতে গ্রেপ্তারের ব্যবস্থা হয়।
পাশাপাশি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তবে আওয়ামী লীগের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলা হবে।
বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আতিক মোজাহিদ, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মো. মাজহার ফকির, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং জাতীয় যুবশক্তির সদস্যসচিব জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য