নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে প্রচার এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ। এ সময় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী, সাবেক ডেপুপি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুর্গাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এবং ভারপ্রাপ্ত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশিদ সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করে যাচ্ছেন। বিশেষ করে দুর্গাপুরের আড়াপাড়া যুদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। ১৯৭১ সালের ৩০ আগস্ট আড়াপাড়ায় সংঘটিত যুদ্ধে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা এম এ রব খালিফা। তিনি বর্তমানে জীবিত রয়েছেন। অথচ সোহরাব হোসেন তালুকদার ওই যুদ্ধে নেতৃত্বের বিষয়টি উল্লেখ না করে যুদ্ধটি নেতৃত্ব ছাড়াই সংঘটিত হয়েছিল বলে প্রচার করে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়।
মুলত যুদ্ধের আড়াপাড়া যুদ্ধে তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের মধ্যে আলম ও বাদল গুলিবিদ্ধ অবস্থায় ভারতের আসামে পৌঁছানোর পর মারা যান। অপর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কুদ্দুসকে গুলি ও বেয়নেট দিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এছাড়া, আড়াপাড়ায় অনুষ্ঠিত কবর জিয়ারত ও দোয়া মাহফিল উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে হয়েছে বলে প্রচার করা হয়। মুলত: কমান্ড কাউন্সিলের সঙ্গে পরামর্শ না করেই মুক্তিযোদ্ধা কমান্ডের ব্যানার ব্যবহার করা হয়েছে। এছাড়া সোহরাব হোসেন তালুকদার আড়াপাড়া যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছিলেন বলে দাবি করেছেন, প্রকৃতপক্ষে তিনি ওই যুদ্ধে অংশগ্রহণ করেননি। এই মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের অবদান ও গৌরবময় ইতিহাস কোনোভাবেই বিকৃত করার সুযোগ নেই। ব্যক্তিগত স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হলে তা অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অবমাননা করা হয় বলে মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধাগণ। এসময় গণমাধ্যমকর্মীদের দুর্গাপুর উপজেলায় অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আব্দুর রাশিদ, আব্দুল জব্বার, মো. ওয়াহেদ আলী, মো. সিরাজুল ইসলাম সহ অন্যান্য মুক্তিযোদ্ধারাগন উপস্থিত ছিলেন।
মন্তব্য