সব
বিএনপি চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তাঁর সঙ্গে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইতে তিনি লেখেন, “ফ্যাসিবাদী শাসন ও শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।”
তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের প্রতি তাঁর সরকারের অঙ্গীকার অটুট থাকবে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলনসহ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী লেখেন, “শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সরকার কাজ শুরু করেছে। আল্লাহ যেন আমাদেরকে জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদের মাগফিরাত কামনা করছি।”
মন্তব্য