সব
নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা ৩০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নয়ন মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চকলেঙ্গুড়া গ্রামে তার বসতঘরে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
আটক নয়ন মিয়া দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুড়া গ্রামের মৃত আজিম উদ্দিন ও মোছা. আয়শা খাতুন দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্ব পালনকালে শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চকলেঙ্গুড়া এলাকায় নয়ন মিয়ার বসতঘরের খাটের নিচে অবৈধ ভারতীয় মদ লুকিয়ে রাখা হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নয়ন মিয়াকে হাতেনাতে আটক করে পুলিশ।
পরে তার বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ২৪ বোতল ‘আইস ভদকা’ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের পরিমাণ ৩২৫ মিলিলিটার। এছাড়া একটি ছাই রঙের ভ্যানিটি ব্যাগ থেকে দুই বোতল ‘রয়েল স্টেজ’প্রতিটি ৭৫০ মিলিলিটার এবং একটি কালো রঙের ভ্যানিটি ব্যাগ থেকে চার বোতল ‘ব্লেন্ডেড প্রাইড’ উদ্ধার করা হয়। পুলিশের তথ্যমতে, উদ্ধার করা বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ২০০ টাকা।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক জব্দতালিকা মূলে জব্দ করে আসামিকে থানায় আনা হয়েছে। এসব মাদক কোথা থেকে এবং কী উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও জানান, মাদক বিষয়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু শেষে শুক্রবারই আটক নয়ন মিয়াকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য