সব
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আবুল কালাম (৬৫) নামে এক ফুফাত ভাইয়ের মুত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে ঘাতক মামাতো ভাই পলাতক রয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সুত্রধর হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত আবুল কালামের সাথে কাশেমের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই ঘটনায় একে অপরের প্রতি ক্ষিপ্ত ছিল। ঘটনার দিন রাত ৮ টার দিকে আবুল কালাম সোহাগী বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।
এদিকে, কাশেম ছুরি নিয়ে আবুল কালামকে হত্যার জন্য রাস্তায় আগে থেকেই ওৎ পেতে ছিল। আবুল কালাম মরেজপুর নিজ গ্রামে ডুকতেই কাশেম তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় আবুল কালামের ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার দিকে আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আবুল কালামের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
উপ পরিদর্শক বিশ্বজিৎ সুত্রধর বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ঘটনায় জড়িত কাশেমকে গ্রেপ্তারে অভিযান চলছে। আবুল কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
মন্তব্য