সব
ময়মনসিংহ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে বিদায়ী প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেতের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রিন্স বলেন, প্রশাসকের দায়িত্ব কোনো ব্যক্তিগত প্রাপ্তি নয়; বরং জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করার একটি সুযোগ।
তিনি বলেন, জেলা পরিষদের এই দায়িত্বকে তিনি ব্যক্তিগত ক্ষতিপূরণ হিসেবে নয়, বরং জনকল্যাণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চান।
জেলার অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে এবং জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
নবনিযুক্ত প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু ওয়াহাব আকন্দ এমপি, লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, বিদায়ী প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী জিয়াউল বাসেত, ময়মনসিংহ জজ কোর্টের পিপি এডভোকেট আনোয়রুল আজিজ টুটুল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম প্রমুখ।
মন্তব্য