প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১২:১২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল কৃষকের গলাকাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামে নিজ বাড়ির পেছনের একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত বুধবার রাত ১০টার দিকে গ্রামের একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হন সাম্মত আলী। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ শনিবার সকালে বাড়ির আঙিনার পেছনে ডোবার জঙ্গলের মধ্যে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে দিকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে আবদুর রহমান বলেন, প্রতিবেশী আজিজুল হক ও তাঁর স্বজনদের সঙ্গে জমি নিয়ে সাম্মত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি ওই মামলায় সাম্মত আলীর পক্ষে ডিক্রি হয়। এর জেরে প্রতিপক্ষের লোকজন বাবাকে হত্যা করে থাকতে পারেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, সাম্মত আলী দুইদিন আগে নিখোঁজ হন। শনিবার সকালে বাড়ির পেছনের ডোবার মধ্যে তাঁর গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে নিহতের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকেও তাঁদের প্রতিপক্ষের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিন জনকে আটক করা হয়েছে।।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন