ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সন্দেহভাজন ছয় কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।
আটক কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের সবার বাড়ি কোতোয়ালি মডেল থানা এলাকায় ও স্কুল ছাত্র বলে জানা যায় ।
জেলা পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কাশর বোররচর ভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কয়েকজনের নেতৃত্বে মিছিল বের হওয়ার খবর পায় পুলিশ। পরে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত জাবির, আবিদ ও মাইনসহ অজ্ঞাতনামা কয়েকজনের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন বলেও জানিয়েছে পুলিশ।
আটক প্রত্যেককে মিছিলে অংশ নেওয়ার জন্য ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে এই অর্থের উৎস, কারা সরবরাহ করেছে এবং মিছিলের পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, ময়মনসিংহে নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, সংঘবদ্ধ অপরাধ ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সেলিম মিয়া।।