ময়মনসিংহে তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার লক্ষ্যে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর রাজগঞ্জ সাহেব কাচারী বাজার স্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত টুর্নামেন্টে মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও মসিকের প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ, সদস্য সচিব আতাউল ইসলাম বুলবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়ামিন হোসেন শাহীদ, মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ এবং ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম।
খেলায় সেভেন স্টার স্পোর্টিং ক্লাব পুলিয়ামারী বনাম ইব্রাহিমের মোড় একাদশ রাঘবপুর পূর্বপাড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এতে সেভেন স্টার স্পোর্টিং ক্লাব পুলিয়ামী ২-০ গোলে বিজয়ী হয়েছে।
আয়োজকরা জানান স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক।।