ময়মনসিংহ নগরীর রমেশ সেন রোডের পতিতাপল্লীতে এক নারীকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন এবং জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ উঠেছে নজরুল, হক মিয়া, ফিরোজ মিয়া ও সর্দারিনী বৃষ্টি বেগমের বিরুদ্ধে। আসামি মোঃ ফিরোজ আল মামুন ময়মনসিংহ মহানগর যুবদলের সাবেক কমিটির সহ-সাধারণ সম্পাদক।
এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৬১ তারিখ ১৯/১১/২০২৬ইং।
মামলার এজাহার সুত্রে জানা যায়, পিতা-মাতাহীন এক অসহায় নারী কুমিল্লার গৌরীপুর থেকে চাকুরীর সন্ধানে গাজীপুরে গেলে মানবপাচার চক্রের সদস্য পরিচয় দেওয়া নজরুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। ভালো চাকুরী ও নিরাপত্তার আশ্বাস দিয়ে তাঁকে ময়মনসিংহ নগরীর রমেশ সেন রোডের পতিতাপল্লীতে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্দারিনী বৃষ্টি বেগমের কাছে তাঁকে দুই লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
পরবর্তী সময়ে হক মিয়া, ফিরোজ মিয়া ও বৃষ্টি বেগম ওই নারীকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং যৌন উত্তেজক ইনজেকশন ও ট্যাবলেট প্রয়োগ করে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ, একই মাসে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইনে সর্দারিনী লাভলীর বিরুদ্ধে মামলা রুজু হয়। যার নং-৪৩ তারিখ ১৪/১১/২৬ইং। বর্তমানে সর্দারিনী লাভলী জেল হাজতে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক।।