ময়মনসিংহে সাবেক এমপির বাসায়, ইউনিয়ন ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সাথে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নতুন বাজার ও গাঙিনারপাড় হয়ে চড়পাড়ায় গিয়ে শেষ হয়।
এর আগে ওই দিন ভোররাতে জেলার ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোল ঢেলে আগুন, ফুলপুর উপজেলার সাবেক এমপি মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল বাশারের বাসায় হামলা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা ও দুপুরে নগরীর শম্ভুগঞ্জ বাজারে ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
বীব মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল বাশার ফুলপুরের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভালুকার স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩) পার্কিং করা ছিল। ভোর পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন লাগে।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
অগ্নিকাণ্ডে বাসের বসার সিট, বর্ণাট সিট ও জানালার কাচ পুড়ে ও ভেঙে যায়। বাসটির মালিক মো. শফিকুল ইসলাম। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মৃত শরাফত আলীর ছেলে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, স্কয়ার ফ্যাশন সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। আগুনে বাসের ভেতরের সিট ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইঞ্জিন অক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ভিন্ন দাবি করেছেন বাসের মালিক শফিকুল ইসলাম। তার দাবি, আগুনে পুরো বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন তিনি। গাড়ির কাজ করানোসহ বর্তমানে তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে।
অন্যদিকে, একই দিন ভোর ৫টার দিকে জেলার ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কক্ষের বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানিয়েছেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সরকারি স্থাপনায় দাহ্য পদার্থ দিয়ে আগুন দিয়েছে। এতে টেবিল-চেয়ারসহ কিছু কাগজপত্র পুড়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। পেট্রোলজাতীয় কিছু দিয়ে চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়েছে। এতে কক্ষের কিছু আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ভোররাতে বিএনপির সাবেক এমপি মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল বাসার আকন্দের পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় গ্রীণ রোডের বাসায় হামলা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে, আগুনে কোন ক্ষতি হয়নি। শুধু জানালার কয়েকটি পর্দা পুরে গেছে। তবে, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরের দিকে নগরীর শম্ভুগঞ্জ বাজারের গরু হাট বাজারে পরিত্যাক্ত বাসা থেকে ৮ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা এখানে ককটেল সদুশ বস্তু রেখেছে, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

নিজস্ব প্রতিবেদক।।