প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ৯:৪৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ বলে জানিয়েছেন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে এভিয়েশন কেবল যাতায়াতের মাধ্যম নয়; আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা এবং অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনশিল্পের বিকাশের কারণে এ খাতের সম্ভাবনা আরও বেড়েছে।

তারেক রহমান বলেন, প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে দেশের তরুণ প্রজন্ম যথাযথ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা, গবেষণার সুযোগ এবং আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা পেলে বৈশ্বিক উদ্ভাবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ জন্য প্রয়োজন একটি কার্যকর ও মেধাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলা। বর্তমান সরকার সেই পরিবেশ তৈরিতে কাজ করছে।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। ফলে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হচ্ছে নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে হবে। উদ্ভাবনের সাহস দেখাতে হবে এবং নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে হবে। এ ক্ষেত্রে সরকার তাদের পাশে থাকবে।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সঠিকভাবে এই অর্থ ব্যবহারের পরও প্রয়োজন হলে সরকার আরও অর্থ বরাদ্দ দেবে। তবে তরুণদের এগিয়ে যেতে হবে এবং নতুন নতুন উদ্ভাবনে মনোযোগী হতে হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন