ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী বিল্লালের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রতিটি নামজারির বিপরীতে ২ হাজার টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, ‘এলআর ফি’র দোহাই দিয়ে তিনি সেবাগ্রহীতাদের কাছ থেকে এ টাকা নিচ্ছেন। এতে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে সরাসরি নামজারির আবেদন নিয়ে আসা সেবাগ্রহীতারা বিনামূল্যে নামজারিসহ বিভিন্ন ধরনের সেবা দ্রুত পাচ্ছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্টদের মতে, সহকারী কমিশনার (ভূমি) পুরো ভূমি অফিসের সেবা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তাঁর বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হচ্ছে।
তবে অফিসের কিছু অসাধু কর্মচারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে সেই উদ্যোগ ও সেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সচেতন মহলের দাবি, অফিস সহকারী বিল্লালের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এতে ভূমি অফিসের সেবার মান আরও বাড়বে, নিশ্চিত হবে স্বচ্ছতা এবং কমবে সাধারণ মানুষের ভূমিসেবা-সংক্রান্ত ভোগান্তি।
এবিষয়ে অভিযুক্ত বিল্লালের মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে ফোন কল রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে তাঁর কোন বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
