প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ১২:২১ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি

স্টাফ রিপোর্টার।।

বাঁশ-লগি-বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের মহড়া-ভাঙচুর এর পর গোপালগঞ্জের জেলা প্রশাসক ( ডিসি) মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে সরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। তার বদলে নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার। আর এসপি মো. হাবীবুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিন সকাল থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে দলে দলে মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়। একপর্যায়ে চৌরঙ্গীসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও মিছিল নিয়ে একত্রিত হন নেতাকর্মীরা।

তবে শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে জানমালের কোনো ক্ষতি হয়নি।

এর আগে, শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন