ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ ও আটকে রেখে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নায়েবকে সাত দিনের মধ্যে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সাত দিনের মধ্যে নায়েব আবুল কালামকে প্রত্যাহার, ঘটনার তদন্তে কমিটি গঠন এবং তাকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের বেঁধে রেখে পিটানোর হুমকি দেওয়া নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অভিযুক্ত আবুল কালামকে দ্রুত অপসারণ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য সংগ্রহের জন্য ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে গেলে নায়েব আবুল কালামের বিরুদ্ধে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ ও আটকে রাখার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদেই মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদক।।