চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তার কার্যালয় থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়। এরপর থেকে তাকে রাখা হয়েছে নজরদারিতে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশের একটি সূত্র। তবে মুঠোফোন জব্দ ও নজরদারিতে রাখার বিস্তারিত পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়নি।
এ ব্যাপারে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে বলেন, অভিযোগের ভিত্তিতে এসপি জাহাংগীর আলমের মুঠোফোন জব্দ করা হয়েছে। তাকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। পট পরিবর্তন হলেও নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল।
অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়ার পরই মুঠোফোন জব্দ করে নজরদারিতে রাখা হয়েছে। এরপর চলছে জিজ্ঞাসাবাদ বলেও জানান গেছে।

স্টাফ রিপোর্টার।।