ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড গড়েছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হারে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে টানা দ্বিতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে জাতীয় পর্যায়ে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হারে তৃতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করেছে কলেজটি।
বুধবার (১১ নভেম্বর) কলেজের এই ধারাবাহিক সাফল্য, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতাউর রহমান।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজনীতিমুক্ত পরিবেশ, কঠোর শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সুনাম অর্জন করে আসছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলেও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অর্জন করে কলেজটি। এবার শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির হারেও শীর্ষস্থান ধরে রেখে টানা দ্বিতীয়বার বোর্ডসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহ বিভাগে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এ ছাড়া জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের স্বীকৃতিও রয়েছে প্রতিষ্ঠানটির।
কলেজটির একাডেমিক সাফল্যের ধারাবাহিকতা তুলে ধরে অধ্যক্ষ জানান, ২০০৭ সালে ঢাকা শিক্ষা বোর্ডের সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছিল কলেজটি। একটি শিক্ষাবর্ষে এখানকার ৫২ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে এবং ৩৯ জন বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছিলেন। বুয়েট ভর্তি পরীক্ষায় একাধিকবার দ্বিতীয় স্থান, মেডিকেল ভর্তি পরীক্ষায় নবম স্থান এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় প্রথম ও ষষ্ঠ স্থান অর্জনের মতো কৃতিত্ব রয়েছে শিক্ষার্থীদের।
এ ছাড়া প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। কলেজের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, চিকিৎসা, প্রকৌশল ও সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি নাসা, গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। গবেষণায় বিশ্বপর্যায়ে স্বীকৃতি অর্জন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং ২০২৫ সালের পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জনও প্রতিষ্ঠানটির সাফল্যের অংশ।
শিক্ষার্থীদের ধারাবাহিক ভালো ফলাফলের পেছনে পরিকল্পিত পাঠদান ও নিয়মিত তদারকিকে গুরুত্ব দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক ক্লাস, গ্রুপ ডিসকাশন, লাইব্রেরি কার্যক্রম এবং নিয়মিত পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রয়েছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি বিষয়ের পাঠ্যসূচি পাঁচটি টার্মে ভাগ করে পাঠপরিকল্পনার মাধ্যমে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা হয়। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ক্লাসও নেওয়া হয়।
শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নেওয়া হয়। কেউ অনুপস্থিত থাকলে তাৎক্ষণিকভাবে অভিভাবকদের মোবাইলে এসএমএস পাঠানো হয়। পাশাপাশি কাউন্সেলিং শিক্ষক নিয়োগ, নিয়মিত অভিভাবক সমাবেশ, বিশেষ ক্লাস, পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার ব্যবস্থা রয়েছে। পরীক্ষার আগে বিশেষ পুনরাবৃত্তিমূলক ক্লাস ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়।
অবকাঠামোগত সুবিধার বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, কলেজের চারটি ভবনে রয়েছে আধুনিক শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, গ্রন্থাগার ও প্রশাসনিক কক্ষ। প্রতিটি শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমসহ আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা উপকরণ ব্যবহার করা হয়। শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহন, ক্যান্টিন, খেলার মাঠ, সুপেয় পানি, মেয়েদের পৃথক কমন রুম, ফার্স্ট এইড ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও রয়েছে।
বর্তমানে কলেজে ৩৬ জন শিক্ষক, তৃতীয় শ্রেণির ৬ জন এবং চতুর্থ শ্রেণির ২১ জন কর্মচারী কর্মরত রয়েছেন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিনটি শাখায় পাঠদান পরিচালিত হচ্ছে।
শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশে সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তঃকলেজ ফুটবল, ক্রিকেট, ভলিবল ও অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা। বিতর্ক, ভাষা প্রতিযোগিতা ও গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায়ও রয়েছে সাফল্য। নিয়মিত সমাবেশ, জাতীয় সংগীত ও শপথ পাঠ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কলেজ বার্ষিকী প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হচ্ছে।
শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি প্রশিক্ষণের পাশাপাশি ইন-হাউস প্রশিক্ষণ ও মাইক্রোটিচিং কার্যক্রম চালু রয়েছে। শিক্ষকদের নিয়মিত বেতন-ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, পদোন্নতি ও উৎসাহ বোনাস দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানান অধ্যক্ষ।
ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কলেজে দুটি হোস্টেল, একটি অডিটোরিয়াম নির্মাণ এবং পূর্ব ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতাউর রহমান বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; বরং তার চিন্তা, চরিত্র ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার সক্ষমতার মধ্যেই শিক্ষার প্রকৃত সার্থকতা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের এই অর্জনের পেছনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, গভর্নিং বডির চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের কঠোর সাধনা এবং অভিভাবকদের আন্তরিক সমর্থন বিশেষ ভূমিকা রেখেছে।
সংবাদ সম্মেলনে ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান বজায় রেখে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন কলেজ কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক।।