প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ । ১১:০৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

সেলিম মিয়া।।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ।

রোববার (৮ নভেম্বর) এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে তিনি এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি লাইবেরিয়া ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন