ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত সড়কের উভয় পাশে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। এ অভিযানে প্রায় ১৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকাল ৩টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকির হোসাইন। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়, যা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।
অভিযানে উপস্থিত ছিলেন মোবাইল কোর্টের প্রসিকিউটর জনাব মোঃ জাবেদ ইকবাল, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জনাব মোঃ মহব্বত আলী, স্টোরকিপার নাজমুল হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক।।