প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ । ৮:০৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী

সেলিম মিয়া।।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে বুধবার (০৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রাপ্ত মোট ১৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতায় ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে মোট ১৫৫ জন শিক্ষার্থীকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্সে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, তোমরা যে সম্মাননা পেয়েছো, তা শুধু ক্রেস্ট বা আর্থিক প্রণোদনা নয়-এটা তোমাদের কষ্ট ও অর্জনের বড় স্বীকৃতি। এই সম্মান তোমাদের আরও বেশি চেষ্টা করার জন্য উৎসাহ যোগাবে। প্রযুক্তিকে তোমরা ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে। বিশেষ করে যারা এসএসসি পাস করে এইচএসসিতে এসেছো, এটা তোমাদের স্বর্ণযুগ। এই দেড়-দুই বছর ভালো করে পড়লে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে।

ডিএমপি কমিশনার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের অব্যাহত সাফল্য ও নিরলস পরিশ্রমের আহ্বান জানান। শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ ফারুক হোসেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, অভিভাবকগণ এবং মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬২ জন, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫৯ জন, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২০ জন এবং ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ জনসহ মোট ১৫৫ জন শিক্ষার্থী বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি পেয়েছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন