নারীর হাতে অর্থনৈতিক সক্ষমতা, পরিবারে মর্যাদা প্রতিষ্ঠা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার স্বপ্ন নিয়ে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের দ্বিতীয় ধাপে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শুরু হয়েছে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম। বুধবার (৪ নভেম্বর) উপজেলার বাকলজোড়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রত্যেক পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে তাঁদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। বিশেষ করে দরিদ্র, অতিদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্ন আয়ের পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে সরকারি সহায়তার আওতায় আনার মাধ্যমে পরিবারগুলোর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এ উদ্যোগÑএমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এরই প্রেক্ষিতে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখেলায় আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। মনিরুজ্জামান আব্বাসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সাত্তার মাস্টার ও সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসাইন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাব ব্যবহার করে মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আয়-রোজগার, পেশা, সম্পদ ও সামগ্রিক আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য তাৎক্ষণিকভাবে অনলাইন ডেটাবেইসে অন্তর্ভুক্ত করা হবে। ফলে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এতে মাঠে কাজ করবেন ৯৭ জন তথ্য সংগ্রহকারী ও ১০ জন সুপারভাইজার।
এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, এ কর্মসূচির মূল দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। পরিবারকেন্দ্রিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল স্বচ্ছতা ও জবাবদিহি এবং টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এ উদ্যোগ বাস্তবায়ন করছে। দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনধারণের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করাই ফ্যামিলি কার্ড কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এ কর্মসূচি সুষ্ঠু, নিরপেক্ষ ও সফলভাবে বাস্তবায়নে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন তিনি।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।