গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন হলেও শান্ত টঙ্গী শিল্পাঞ্চল। বিসিকের উৎপাদন স্বচ্ছল রাখতে বিএনপি অংগ ও সহযোগী সংগঠন মোড়ে মোড়ে সতর্ক পাহারা বসিয়েছে। পাহারার অংশ হিসেবে তারা মহাসড়কে ক্ষনে ক্ষনে মিছিল ও মোটরসাইকেল মহড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিতের জানান দিচ্ছে।
মঙ্গলবার( ৩ নভেম্বর) টঙ্গী বিসিক ঘুরে এসব তথ জানা গেছে। দেখা যায়, সকাল থেকেই টঙ্গী বিসিকের মোড়ে মোড়ে বিএনপি অংগ ও সহযোগী সংগঠন সতর্ক পাহারা বসায়। অনেক কারখানার সামনে তারা অবস্থান নেয়। তিন দিন ধরেই সারাদিন ক্ষনে ক্ষনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করে তারা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহাসড়কে মোটরসাইকেলের মহড়া দেয়। টঙ্গী বাজার এলাকা থেকে স্টেশন রোড, মিলগেট, চেরাগালী, হোসেন মার্কেট হয়ে গাজীপুরা পর্যন্ত মোটরসাইকেল মহড়া দেয় তারা। শতাধিক মোটরসাইকেল এই মহড়ায় অংশ নেয়। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, চেরাগ আলী ও গাজীপুরায় মহাসড়কের পাশে বিভিন্ন এলাকায় বিএনপির নেতা- কর্মীদের অবস্থান করতে দেখা যায়। একই অবস্থা টঙ্গী বিসিকের সব জায়গায়।
বেলা সাড়ে ১২টায় টঙ্গী বিসিক মোড়ে অবস্থান নেওয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গাজীপুর মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী বলেন, শিল্পখাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য গাজীপুর-২ আসনের এমপি এম মঞ্জরুল করিম রনির মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা রাজপথে আছি। যে কোন মূল্যে শিল্পখাত রক্ষায় আমরা কাজ করছি।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন বলেন, টঙ্গীতে কোন বিশৃঙ্খলা নেই। শিল্পকে বাঁচাতে দলীয় প্রধানের নির্দেশে আমরা মাঠে আছি। যে কোন নাশকতা মোকাবেলা করতে আমরা প্রস্তুত।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বর্তমানে টঙ্গী বিসিক সম্পূর্ণ শান্ত রয়েছে। আমরাও সতর্ক অবস্থানে আছি। এ পর্যন্ত টঙ্গীতে শ্রমিক আন্দোলন হয়নি।

স্টাফ রিপোর্টার।।