ময়মনসিংহের নান্দাইল বনগ্রামে পূ্র্ব বিরোধে কৃষক জনাব আলীকে বাড়ি থেকে তুলে এনে নৃশংস হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী। হত্যার ঘটনায় আদালতে একটি মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাহিরে। কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে নিহতের ছেলে বাদি নুর ইসলামকে ভয়ভীতি ও খুন করে গুম করার হুমকি দেয়া হচ্ছে।
এদিকে হুমকির ঘটনায় পরিবার ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে নান্দাইল মডেল থানায় সাধারন ডায়েরি করতে গেলে পুলিশ উল্টো মামলার ভয়ভীতি ও নানান হুমকি দেন বলে অভিযোগ করেন বাদি নুর ইসলাম।
রবিবার (১ নভেম্বর) উপজেলার বনগ্রামে সহস্রাধিক এলাকাবাসী এ মানব্বন্ধনে অংশ নেন।
এসময় বক্তারা দাবি করে বলেন, কৃষক জনাব আলী সহজ সরল মানুষ হওয়ায় প্রভাবশালী হত্যাকারীরা বাড়ি থেকে জোর করে তুলে এনে গাছের সাথে বেঁধে প্রকাশ্যে মারধর করে হাত ও পা ভেঙে দেন। শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গ বিকল করে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘদিন চিকিৎসারত থাকার পর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন জনাব আলী।
মৃত্যুর পর প্রভাবশালী মহলের চাপে মরদেহের সুরতহাল ও ময়না তদন্ত না করেই লাশ দাফন সম্পন্ন করা হয় বলেও অভিযোগ করেন। তবে অসহায় পরিবারের স্বজনরা দাবি করে বলেন, জনাব আলীর লাশ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য আদালতে দরখাস্ত করা হয়েছে। মামলাটি সিডিআই তদন্ত করছে। বিজ্ঞ আদালত সিডিআইকে নির্দেশ দিলে তারা ময়না তদন্তের মাধ্যমে হত্যার আসল ঘটনা উদ্ঘাটন করবে বলে আশাবাদী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী সখিনা বেগম, ছেলে নূর ইসলাম, সোহেল ও কবির মেম্বারসহ স্থানীয় এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক।।