ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. মানিক মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মুক্তাগাছা থানায় মামলা রুজু করা হয়েছে। যার নং-২২ তারিখ ৩০/১০/২৬ইং।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে পৌর এলাকার আটানী বাজারে হেলাল ট্রেডার্স নামের একটি ঢেউটিনের দোকানের ভেতরের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিশুটি পাখির খাবার কিনতে আটানী বাজারে যায়। এ সময় অভিযুক্ত মানিক মিয়া তাকে ডেকে দোকানের ভেতরের একটি কক্ষে নিয়ে যান। সেখানে জোরপূর্বক শিশুটির ঘাড় ও গলায় চুমু দেওয়ার পাশাপাশি বলাৎকারের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটি কৌশলে নিজেকে ছাড়িয়ে দোকান থেকে বের হয়ে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে যায়।
এসময় শিশুটির কান্নার কারণ জানতে চাইলে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায় সে। পরে শিশুটির মা দোকানে গিয়ে বিষয়টি জানতে চাইলে দোকানমালিকসহ কয়েকজন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
১২ বছর বয়সী শিশুর সঙ্গে এমন ঘটনার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি।।