প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ । ১০:৫০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত

সেলিম মিয়া।।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় অপতথ্য রোধে সরকারি নিয়ন্ত্রণ নীতিমালা তৈরি ও সচেতনতা জরুরি বলে কর্মশালায় মতামত প্রকাশ করা হয়।

শুক্রবার ৩০ অক্টোবর বিকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) ও ময়মনসিংহ প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ‘মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন: সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়। এতে ডিজেএফবি ও ময়মনসিংহ প্রেসক্লাবের প্রায় অর্ধশত গণমাধ্যম ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতায় নতুন কিছু বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এর মধ্যে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন অন্যতম। যেকোনো সংবাদ প্রচার ও প্রকাশ করার পূর্বে অবশ্যই তথ্য যাচাই-বাছাই করে নিতে হবে। জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছে দিতে সত্যতা যাচাইয়ের বিকল্প নেই, সেটা যে পন্থায়ই হোক। স্মার্ট মোবাইলের যুগে দ্রুত সংবাদ প্রচারের ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা দেখা যাচ্ছে। ঘটনার সঠিকতা যাচাই ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রস্তুত করার পূর্বেই অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভাইরাল হয়ে যাচ্ছে খুব দ্রুত।

বক্তারা আরো বলেন, সাংবাদিকতার এই দুরাচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মূল উৎস থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে প্রস্তুত হবে সঠিক সংবাদ। নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া সংবাদ প্রচার, প্রকাশ ও সম্প্রচার নয়। অনলাইন প্লাটফর্মগুলো হতে আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। যেকোনো সংবাদ শেয়ারের ক্ষেত্রে সাংবাদিক মহল-কে আরো বেশি সচেতন হতে হবে। তাহলে আমরা সাংবাদিকতায় অপতথ্য রোধ করতে অনেকটা সক্ষম হবো। পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণ নীতিমালা তৈরি অনেকটাই প্রয়োজন বলে মনে হচ্ছে।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এর সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, ডিজেএফবি এর সাংগঠনিক সম্পাদক এম আর মাসফি প্রমুখ।

অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার এর স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম, রিপোর্টার্স ইউনিট ময়মনসিংহের সাধারণ সম্পাদক উজ্জ্বল, নিউজ চ্যানেল জানালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, ডিজেএফবি’র নেতৃবৃন্দসহ উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীগণ মতামত ব্যক্ত করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন