প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ১১:৪৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত নারী, মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তিনি পথচারী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।

ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিলরুবা নামের এক নারী জানান, ব্যাটারিচালিত ইজিবাইকটিতে তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে এগোতেই এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসেন। এ সময় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর ভয়ে ইজিবাইকের চালক দৌড়ে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি ঘটনাস্থলের পাশে একটি বাড়ির সামনে পড়ে রয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশ কাজ করছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন