ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শেখ হাসিনা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রায় বাতিল এবং কারাবন্দিদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার চরহোসেনপুর গ্রামের ভূঁইয়া ফিলিং স্টেশন থেকে মিছিলটি শুরু হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে শর্শী এলাকার ভূঁইয়া বাড়ির সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সার্বিক সহযোগিতায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মন্ডল।
মিছিলে উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, রাকিব মন্ডলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন আনোয়ার হোসেন মন্ডল।
মিছিলের বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, মিছিলে অংশগ্রহণ কারীদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিজস্ব প্রতিবেদক।।