ময়মনসিংহ নগরীর আমলাপাড়ায় সাংবাদিক সুমন ভট্টাচার্যের বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের আমলাপাড়ায় মরহুম ডা. নুরুল হকের বাসার ভাড়াটিয়া বাসিন্দা সাংবাদিক সুমন ভট্টাচার্যের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, চোরেরা বাসার ছাদের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, কাঁসার জিনিসপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
এ ঘটনায় বাসার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নগরীতে চুরির মতো অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। বিশেষ করে বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর সহযোগিতা কামনা করা হয়েছে।
ঘটনার পর সাংবাদিক সুমন ভট্টাচার্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি চুরির ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগী সাংবাদিক।

নিজস্ব প্রতিবেদক।।