প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ । ১১:০৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

তিরোধান দিবসে লালনের গানে মুখরিত মযমনসিংহের জয়নুল উদ্যান।।

নিজস্ব প্রতিবেদক।।

সারা দেশের ন্যায় ময়মনসিংহে ফকির লালন সাঁইয়ের মৃত্যুদিবস উপলক্ষ্যে ১৩৬তম জাতীয় লালন তিরোধান দিবস ২০২৬-কে স্মরণ করে ময়মনসিংহবাসী।

দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৭ অক্টোবর) বিকালে নগরীর জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর সংলগ্ন বধ্যভূমি প্রাঙ্গণে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে মনোজ্ঞ বাউল গানের আসর ‘মানুষ ভজলে’ অনুষ্ঠিত হয়। আসরটি বিকাল ৪ টায় শুরু হয়ে রাত অবধি চলমান থাকে।

গানের আসরে এ অঞ্চলের খ্যাতনামা বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। লোকজ বাউল সংগীত দেশের বিভিন্ন জায়গায় বা অঞ্চলে পরিবেশনার মাধ্যমে যে আবেশ ঘটবে তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম হতে পারে, এমনটাই মন্তব্য করেন উপস্থিত শিল্পীগোষ্ঠী। তারা বলেন, আমাদের বাউল গান শুধু কুষ্টিয়া বা দেশের ভিতরে নয়, এটি বিশ্বের অনেক দেশেই সমাদৃত। ইউনেস্কো এ বিখ্যাত গানের স্বীকৃতি দিয়েছে।

বিশ্ববিখ্যাত সাধক ফকির লালন সাঁইয়ের কর্মের এ সৃষ্টিকে আমরা যেন ভুলে না যাই, হারিয়ে না যায় এ গান, এবং আরো উজ্জীবিত করতে এ ধরনের আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। এ মনিষী ১৮৯০ সালের ১৭ অক্টোব মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুদিবস উপলক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। লালন তিরোধান বাংলাদেশের ‘ক’ শ্রেণিভুক্ত একটি জাতীয় দিবস। ২০২৫ সাল থেকে ১৭ই অক্টোবর দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে।

মনোমুগ্ধকর এ বাউল গানের আসরে বিভিন্ন শ্রেণি পেশার দর্শকশ্রোতা ভীড় করেন। উপস্থিত ছিলেন সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ এবং প্রিন্ট, টিভি চ্যানেল ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।

আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, বর্তমান বিশ্বে, দেশে দেশে, সমাজে, পরিবারে যে অস্থির হিংস্র চিত্র তার থেকে পরিত্রাণের জন্য লালনের বাণী বড্ড বেশী প্রাসঙ্গিক। বিষয়টি অনুধাবন করেই আমরা এই আয়োজনটি করেছি। দেশীয় শুদ্ধ সহজাত সংস্কৃতি প্রজন্মের সামনে তোলে ধরার কেতন উড়াতে সমাজ রূপান্তরের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।

তিরোধান দিবসের বাউল গানের আসরে গান পরিবেশন করেন বাউল আব্দুল জব্বার, বাউল স্বদেশ তালুকদার, বাউল মো: হাফিজ উদ্দিন, বাউল আনোয়ার সরকার, বাউল জুবায়েদ হোসেন, বিল্লাল ফকির, ইমতিয়াজ আহমেদ, সাংবাদিক আওলাদ রুবেল, আনোয়ার হোসেন, শাহরিয়ার আহমেদ আশিক, মো আকাশ প্রমূখ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন