শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পূজারী ও দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ বজায় রাখা এবং দায়িত্ব পালনে সতর্কতা ও পেশাদারত্বের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক।।