ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ লাখ ১০ হাজার টাকা জাল নোটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকালে ফুলবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬১০ টি ১ হাজার টাকার জাল নোটসহ বরগুনা জেলার তালতলি উপজেলার আ. রশিদ ফকিরের ছেলে মোস্তফা ফকির (৪৮) রাজা বিশ্বাসের ইসমাইল বিশ্বাস (৪৯) ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা ও আইয়ুব আলীর ছেলে আবু সাঈদ (২৫) কে গ্রেপ্তার করেছেন।
পুলিশ সূত্রে জানাগেছে, নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামের গোলাম মোস্তফার বাড়িতে একটি চক্র জাল টাকার লেনদন করছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে জড়িতদের জাল টাকাসহ হাতেনাতে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১হাজার টাকার নোটের ৬টি বান্ডেলে ৬১০ টি নোট উদ্বার করা হয়। চক্রের সদস্য গোলাম মোস্তফা গ্রামের বাড়ি মানিকগঞ্জে হলেও সে দীর্ঘদিন উপজেলার শিবপুর গ্রামে শশুর বাড়িতেই বসবাস করে জাল টাকার ব্যবসা করছেন।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোট সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জাল টাকার বিস্তার রোধ ও এর সঙ্গে জড়িত অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।