ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সভায় ময়মনসিংহ বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ, কৃষি উৎপাদন ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।
সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ রোধে মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত তদারকি করা হচ্ছে। ফুটপাতের অবৈধ পার্কিং ও অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, অবৈধ বালু উত্তোলন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক আইন বাস্তবায়নেও কার্যক্রম অব্যাহত রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন সব ইউনিটকে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া শিশু-কিশোর নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে রেঞ্জ পুলিশ।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে। হাম প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন গত ২০ মে শেষ হয়েছে। তবে নিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় হামের টিকাদান অব্যাহত রয়েছে। যেসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি, সেসব এলাকায় অতিরিক্ত টিকাদান কার্যক্রমও চলমান রয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ এবং শিল্পকারখানার বর্জ্য ফেলা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া ভূমি অধিগ্রহণসহ কেওয়াটখালী ও রহমতপুর সেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ রয়েছে। ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের নির্মাণকাজ যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সারের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফসল উৎপাদন বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষায় জৈব সার, বিশেষ করে ভার্মি কম্পোস্ট ব্যবহারে বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে বিভিন্ন ফসলে ভার্মি কম্পোস্টের ব্যবহার সম্প্রসারণ এবং এ বিষয়ে নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রম চলছে। কৃষক কার্ড বাস্তবায়নেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি ভালো না হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম ও সম্মিলিত সচেতনতার কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ অবস্থা ধরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিভাগীয় কমিশনার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাখতে হবে। সরকারি দপ্তরগুলোর নিজ নিজ কার্যালয় ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরও এ কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।
সরকারের গুরুত্বপূর্ণ বা ফ্ল্যাগশিপ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এসব প্রকল্পের অগ্রগতি নিয়মিত তদারকি করতে হবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না।
উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। কোনো প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে তার কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কাজের অগ্রগতি নিশ্চিত করতে হবে।
সমন্বয় সভায় সিনিয়র সহকারী কমিশনার মো: খবিরুল আহসান এর সঞ্চালনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগের অন্তর্গত চার জেলা প্রশাসক, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধান/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সেলিম মিয়া।।