ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ রিফাত আহমেদ ইমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।নগরীর নাটক ঘরলেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই রুহুল আমীন। এসআই আরিফ, এএসআই কাদিরুল ইসলামসহ পুলিশের সঙ্গীয় সদস্যরা অভিযানে অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল নাটক ঘরলেন এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে রিফাত আহমেদ ইমনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে থানা পুলিশ তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।

মোঃ সেলিম সাজ্জাদ, ময়মনসিংহ।।