ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. জহিরুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলার কোতোয়ালী মডেল থানাধীন সিরতা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহিরুল ইসলাম ময়মনসিংহ কোতোয়ালী থানার বোররচর (ভাটিপাড়া) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সামছুল হক এবং মায়ের নাম রাহিলা খাতুন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের এক প্রেস নোটে মঙ্গলবার (১৩ অক্টোবর) এসব তথ্য জানানো হয়েছে।
ডিবি পুলিশের প্রেস নোটে বলা হয়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) যুবরাজ দাস। এ সময় তাঁর সঙ্গে ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানকালে নয়াপাড়া এলাকা থেকে জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের প্রেস নোটে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক।।