প্রকাশের সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ । ৩:২৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আলোচিত তাজমীন হ’ত্যার মূলহোতা আটক

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় চাঞ্চল্যকর জান্নাতুল তাজমীন (১৩) হত্যাকাণ্ডের মূলহোতা সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস। একইদিন সকালে চট্টগ্রাম নগরীর অলংকার শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সুমন মিয়া (৩৮) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লার বাগমারা দক্ষিণের জয়নগর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। প্রায় এক মাস আগে সেখান থেকে চলে যান সুমন। তিনি মাদকাসক্ত ও বখাটে প্রকৃতির লোক বলে স্থানীয়রা জানিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমীনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। অটোরিকশাটি জব্দ করে সেটির সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। ওই অটোরিকশার চালক সুমন। তাকে চট্টগ্রাম থেকে কুমিল্লা ডিবি পুলিশের কার্যালয়ে আনা হচ্ছে।

জান্নাতুল তাজমীন (১৩) যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আবদুল আলীম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে চাকরি করেন। পরিবারের সদস্যরা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

মৃত্যুর আগে বাবার মোবাইলে নিজের অবস্থানের লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিল তাজমীন।

এ ঘটনায় তাজমীনের বাবা আবদুল আলীম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ঘটনার পর থেকে সুমন আত্মগোপনে ছিলেন। তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন