ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলা ও ময়মনসিংহ সদর উপজেলার সীমান্তবর্তী সাহেব কাচারী বাজারের সংলগ্ন (চর শ্রীরামপুর ) এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৬ নং বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মুক্তাদির শাহিন। এ সময় আরও কয়েকজন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়।
মিছিলে উপস্থিত ছিলেন অনন্ত হাসান হৃদয়, মো. আসাদুল হক, রেজাউল হাব বাবু, মুস্তাকিম, সিরাজুল হক, সিফাত খান পাঠান, রিফাত খান বাবু, আনোয়ার, রবি ও পিয়াস খান পাঠানসহ আরও অনেকে।
মিছিল-পরবর্তী বক্তব্যে আল-মুক্তাদির শাহিন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচির পাশাপাশি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান তিনি। এ সময় তিনি বর্তমান সরকারকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেন।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন,খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ভিডিও ক্লিপ হাতে পৌঁছেছে৷ ভিডিও ক্লিপ দেখে চিহ্নিত করে মামলা দায়ের প্রস্তুতি চলছে৷

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।।।।