প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ১১:১১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ

সেলিম মিয়া।।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দঅভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, রূপচর্চার নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

শুক্রবার (২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের বিমানবন্দর টিম এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় শ্রীলঙ্কান এয়ারলাইনসের ‘ইউএল১৮৯’ (কলম্বো-ঢাকা) ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর ব্যাগেজে সন্দেহজনক কিছু থাকার তথ্যের ভিত্তিতে স্ক্যানিং ও তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মোহাম্মদ রুবেল নামের এক যাত্রীর ব্যাগ থেকে ১৬১ কার্টন বিদেশি সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম জব্দ করা হয়। আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি গৌরী ক্রিম।

এ ছাড়া খোরশেদ আলমের ব্যাগ থেকে ১৮৮ কার্টন সিগারেট এবং মোসাম্মৎ রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি গৌরী ক্রিম উদ্ধার করা হয়। অপর যাত্রী মো. গোলাপের ব্যাগ থেকে জব্দ করা হয় আরও ৯ কার্টন বিদেশি সিগারেট।

অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার ‘এআই২১৮৩’ (মুম্বাই-ঢাকা) ফ্লাইটে আসা মোবারক হোসেন নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটক করা পণ্যগুলোর বিষয়ে কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন