ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মারুফ ও স্বাধীন নামে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার মো. মারুফ (২৭) ও স্বাধীন (২৬)। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারি গৌতম নন্দী ধর্ষণ মামলায় দুই তরুণের যাবজ্জীবন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ভুক্তভোগীর মা কাজে বের হয়ে যান। ওই দিন দুপুর আনুমানিক ৩টার দিকে মারুফ ও স্বাধীন ঘরে ঢুকে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ্য করা হয়। সন্ধ্যায় কাজে থেকে ফিরে ভুক্তভোগীর মা বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।
মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বজলুল করিম চৌধুরী বলেন, সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

নিজস্ব প্রতিবেদক।।