সিলেট নগরের নতুন বালুচর এলাকার আল-ইসলাহ আবাসিক এলাকার এক প্রবাসী ও তার স্ত্রীর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি প্রদর্শন, অসদাচরণ, উন্নয়নকাজে বাধা এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দুই থেকে তিন বছর আগে প্রবাসী মো. দেলোয়ার হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার ওই আবাসিক এলাকার একটি ভবনে বসবাস শুরু করেন। এরপর থেকে বিভিন্ন সময় এলাকাবাসী, পথচারী, সিএনজি চালক, ভ্রাম্যমাণ ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার, গালাগালি, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এলাকায় ড্রেন ও সড়ক নির্মাণকাজ শুরু করতে প্রকৌশলী ও শ্রমিকরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি কাজে বাধা দেন। এতে কাজটি স্থগিত হয়ে যায় বলে দাবি করেছেন স্থানীয়রা। বিষয়টি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীর কাছ থেকে যাচাই করা যেতে পারে বলেও তারা জানান।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত ব্যক্তি এলাকার প্রতিটি বাড়ির মালিকের কাছে ৫ লাখ টাকা দাবি করেছেন। টাকা না দিলে ড্রেন ও সড়ক নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলেও তিনি হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
তবে অভিযোগের বিষয়ে মো. দেলোয়ার হোসেন ও শারমিন আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।

সিলেট প্রতিনিধি।।