প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৪৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ

সেলিম মিয়া।।

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া পিয়ালের বিরুদ্ধে ঠিকাদারের বিলের বিপরীতে ৫ শতাংশ কমিশন দাবি, কমিশন না দিলে বিল আটকে রাখা ও ঠিকাদারি লাইসেন্স বাতিলের হুমকিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগগুলো তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়ালের বিরুদ্ধে অনৈতিক কমিশন দাবি ও হুমকি, বেআইনি ও মৌখিক আদেশে নির্মাণকাজ বন্ধ রাখা, বিলের অর্থ আটকে রাখা এবং স্বজনপ্রীতি ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে অভিযোগের সূত্র হিসেবে মেসার্স সাকিন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. সাইফ উদ্দীন হিরার দেওয়া লিখিত অভিযোগের কথা উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে PEDP-4 প্রকল্পের আওতায় নান্দাইল উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেউল ডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের কাজ পায় মেসার্স সাকিন কনস্ট্রাকশন। কাজ চলাকালে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়েলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে।

অভিযোগকারী দাবি করেন, প্রস্তুত করা বিলের বিপরীতে উপজেলা প্রকৌশলী ৫ শতাংশ কমিশন দাবি করেন। কমিশন দিতে অস্বীকৃতি জানালে বিল আটকে রাখা এবং ঠিকাদারি লাইসেন্স বাতিলের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া পিয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, “আমি এ বিষয়ে কোনো চিঠি পাইনি। তদন্ত হলে তদন্ত কমিটির কাছে জবাব দেব।
তবে ৫ শতাংশ কমিশন দাবির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন